সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে শহরের ২ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় জেট কে সলিশন নেটওয়ার্কের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নারায়ণগঞ্জ সদর থানার সভাপতি এবং জেট কে সলিশন নেটওয়ার্কের চেয়ারম্যান জিকো খান বলেন, “বেগম খালেদা জিয়া যে আগামীর বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে নারায়ণগঞ্জবাসীসহ সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো। খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই কাজ করবো।”

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, জাতীয়তাবাদ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন নেত্রী। তাঁর আদর্শ ধারণ করেই দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস নারায়ণগঞ্জ সদর থানার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এফ এম গালিব, যুগ্ম সম্পাদক আবু সালেহ আহমেদ সনেটসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শত শত নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
এ সময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মাঝে রান্না করা তবারক (নেওয়াজ) বিতরণ করা হয়।





