শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জনাব মো. ইমরান আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য জনাব মনিরুজ্জামান মনির ও জনাব হালিমা রহমান উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জনাব আরিফ মিহির, জনাব খোরশেদ আলম নাছির, জনাব প্রদীপ কুমার দাস, জনাব মাহাবুবুর রহমান চঞ্চল এবং জনাব মাহবুব হোসেন বিজন।
দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং ক্রীড়া নৈপুণ্যের পরিচয় দেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাইমা ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক জনাব মো. আব্দুর রাজ্জাক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সুস্থ মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্ম গঠনে কার্যকর অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের ভূমিকার প্রশংসা করেন।






