৫৫০ কাব স্কাউট ও কর্মকর্তার অংশগ্রহণ, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট-দল গঠনের আহ্বান
#অশিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে আগামী ৫ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে পঞ্চম নারায়ণগঞ্জ সদর উপজেলা কাব ক্যাম্পুরী। পাঁচ দিনব্যাপী এ ক্যাম্পে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট ও কর্মকর্তাসহ প্রায় ৫৫০ জন অংশগ্রহণ করবেন।
বুধবার (৭ অক্টোবর) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ সদর উপজেলার কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাম্পটি ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। এ সময় উপজেলা স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, “স্কাউটিং একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন আপনারা। আপনাদের নেতৃত্বের মাধ্যমে স্কাউটিংয়ের আদর্শ, নৈতিকতা ও শিক্ষার আলোকে শিক্ষার্থীরা সৎ, আদর্শবান, সুশৃঙ্খল ও সুনাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত একজন শিক্ষার্থীকে বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা আলাদা মর্যাদায় দেখে থাকেন। স্কাউটিং একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব ও মর্যাদা বাড়িয়ে দেয়। তাই নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত দুটি করে স্কাউট ও কাব দল গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, “আপনাদের সকলের সহযোগিতায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পঞ্চম উপজেলা কাব ক্যাম্পুরী সফলভাবে বাস্তবায়িত হবে বলে আমার বিশ্বাস।”
সভায় ক্যাম্পুরীকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিভিন্ন প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্যাম্পে অংশগ্রহণকারী কাব স্কাউট ও কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে মতামত দেন।
আয়োজকদের আশা, পঞ্চম উপজেলা কাব ক্যাম্পুরীর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের দক্ষতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম আরও সুদৃঢ় হবে।





