সত্যের সাথে সবসময়

বাংলাদেশ সেগুনবাগিচায় দখলমুক্ত ফুটপাত, গ্রাফিতিতে ফুটে উঠল দেশের ১০ গুণী ব্যক্তিত্ব

সেগুনবাগিচায় দখলমুক্ত ফুটপাত, গ্রাফিতিতে ফুটে উঠল দেশের ১০ গুণী ব্যক্তিত্ব

ফুটপাত

রাজধানীর সেগুনবাগিচায় দীর্ঘদিনের দখলমুক্ত করে পথচারীদের জন্য উন্মুক্ত করা ফুটপাতের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সংস্কার করা ফুটপাতে নতুন ডাস্টবিন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ ও সীমানা প্রাচীর সংস্কারের পাশাপাশি দেশের শিল্প-সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের গ্রাফিতি স্থাপন করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে সেগুনবাগিচায় উদ্ধার করা ফুটপাতের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ফুটপাতের দেয়ালে স্থান পেয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদীন, চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের গ্রাফিতি।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে কোনো হকারকে বসতে দেওয়া হবে না। হকারদের জন্য নির্ধারিত বিকল্প স্থানে তাদের ব্যবসা পরিচালনা করতে হবে। উচ্ছেদের পর কেউ পুনরায় নিষিদ্ধ স্থানে বসলে মালামাল ক্রোকসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “আমরা কাউকে উচ্ছেদ করতে চাই না। গরিব হকারদের পুঁজির ক্ষতি হোক, সেটাও আমাদের কাম্য নয়। এজন্য তাদের বিকল্প জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে।”
প্রশাসক জানান, পীর ইয়ামেনী মাজার এলাকায় শুক্র ও শনিবার ‘হলিডে মার্কেট’-এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অন্যান্য দিন আইডিয়াল স্কুলের বিপরীত পাশের সড়কের ফুটপাতে হকারদের বসার সুযোগ দেওয়া হয়েছে। হকার সংগঠনের নেতাদের সঙ্গে একাধিক আলোচনার পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, কোথাও মূল সড়ক বন্ধ করে কিংবা অনুমতি ছাড়া অন্য কোনো ফুটপাতে হকার বসতে পারবেন না।
ডিএসসিসি প্রশাসক বলেন, যে স্থান দিয়ে আগে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারতেন না, নিরলস প্রচেষ্টায় সেটিকে হকারমুক্ত করা হয়েছে। শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকাটিকে একটি পরিচ্ছন্ন ও নান্দনিক সাংস্কৃতিক পরিমণ্ডল হিসেবে গড়ে তুলতে চায় ডিএসসিসি।
তিনি বলেন, কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত এলাকাটি পরিষ্কার রাখবেন। তবে সৌন্দর্য ও পরিবেশ বজায় রাখতে শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ ও সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন