সত্যের সাথে সবসময়

বাংলাদেশ মাদক ও কিশোর গ্যাং দমনে ভূমিকার স্বীকৃতি: নারায়ণগঞ্জের ডিসি-এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা

মাদক ও কিশোর গ্যাং দমনে ভূমিকার স্বীকৃতি: নারায়ণগঞ্জের ডিসি-এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা

মাদক

মাদক ও কিশোর গ্যাং দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যানজট নিরসনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ও পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি। পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে রবিবার (১৮ অক্টোবর) পৃথকভাবে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
রবিবার জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত পৃথক অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
সম্মাননা গ্রহণ করে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, এই সম্মাননা তাঁর একার নয়, বরং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলার সর্বস্তরের মানুষের। জনগণের সেবা করাই তাঁদের প্রধান দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং ও অপরাধ দমনে চলমান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সুন্দর, নিরাপদ ও মানবিক নারায়ণগঞ্জ গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি সম্মাননা প্রদানের জন্য নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, এই সম্মাননা নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যের। সাংবাদিকদের সহযোগিতা পেলে মাদক, কিশোর গ্যাং ও অপরাধমুক্ত নিরাপদ ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে জেলার বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং সচেতন মহলের কাছ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা পেয়েছেন। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ও পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই দক্ষতা, সততা, মানবিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাং দমন, যানজট নিরসন এবং জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা প্রশংসনীয়। একজন দক্ষ জেলা প্রশাসক ও চৌকস, সৎ ও মানবিক পুলিশ সুপার হিসেবে তাঁরা ইতোমধ্যে নারায়ণগঞ্জবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁদের অবদানের স্বীকৃতি দিতেই এই সম্মাননা প্রদান করা হয়েছে। তাঁদের নেতৃত্বে নারায়ণগঞ্জ আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত জনপদে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এবং সংগঠনের নেতৃবৃন্দ মোঃ আসলাম, গাজী সোহেল, সাদ্দাম হোসেন মুন্না, মোঃ আল আমিন, জসীমউদ্দীন, কাজী আনিসুল হক হীরা ও শাহ আলম।

এ সম্পর্কিত আরও পড়ুন