৪০ পূজামণ্ডপে ৮ লাখ টাকা সহায়তা, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়
বিগত সরকারের সময়ে ষড়যন্ত্রের মাধ্যমে হিন্দু ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে বিএনপি থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, হিন্দু-মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ নয়, সবাইকে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের কালিবাজারস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমরা কখনো হিন্দু-মুসলিমের মধ্যে কোনো পার্থক্য করিনি। আমরা সবাই ভাই ভাই। আপনাদের মধ্যে যে শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি দেখেছি, তা অত্যন্ত প্রশংসনীয়।”
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে সুন্দর, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের জন্যও বিশেষ পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতে তারা এসব উদ্যোগের সুফল পাবেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের ৪০টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে মোট ৮ লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়।
১২ তারিখের নির্বাচন প্রসঙ্গে রাকিব বলেন, “আপনারা প্রতিটি থানায় আমাদের পাশে ছিলেন। আড়াইহাজারসহ নারায়ণগঞ্জের প্রতিটি এলাকায় আমরা আপনাদের পাশে পেয়েছি। অতীতে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির বিভিন্ন চেষ্টা করা হয়েছে। বিগত সরকারের সময়ে হিন্দু ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে আমাদের কাছ থেকে দূরে রাখার নানা ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু গত দুই বছরে আমরা তার প্রমাণ পেয়েছি।”
রাকিব আরও বলেন, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন। চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে কেউ সমস্যায় পড়লে ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করলে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হবে। ভবিষ্যতেও হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আবুল কাওসার আশা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফসহ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা।





