পেশাগত নিষ্ঠা, দক্ষতা ও আলোকচিত্র সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নতুনধরা গ্রুপ প্রেজেন্টস এজাহিকাফ আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন চ্যানেল আইয়ের সিনিয়র আলোকচিত্র সাংবাদিক এস এম নাসির। দীর্ঘদিনের পেশাগত পথচলায় তাঁর এই অর্জন সাংবাদিকতা অঙ্গনে নতুন সম্মান ও অনুপ্রেরণার সংযোজন।
গত ৪ নভেম্বর রাজধানীর হোটেল অরনেটের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী, বরেণ্য নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় এস এম নাসির বলেন, দীর্ঘদিনের সাংবাদিকতা ও পেশাগত জীবনের পথচলায় এই স্বীকৃতি তাঁর জন্য এক অনন্য অর্জন। এ সম্মাননা ভবিষ্যতে আরও দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে তাঁকে অনুপ্রাণিত করবে।
এ সময় তিনি সম্মাননা প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট আয়োজক, বিচারকমণ্ডলী, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, আলোকচিত্র সাংবাদিকতায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এস এম নাসিরকে এ পুরস্কারে ভূষিত করা হয়।





