নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে এবং সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে জেলার চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে জাতীয় ও স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, “এই সরকার গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটের সরকার। গত ১৭ বছর অনেকেই চেষ্টা করেছেন দেশের গণতন্ত্র, গার্মেন্টস শিল্প, শিক্ষা খাতকে ধ্বংস করার জন্য। বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়ে গেছে। বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না। ব্যবসায়ীদের সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে।”
নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, নারায়ণগঞ্জে বর্তমানে পাঁচ শতাধিক গার্মেন্টস চালু রয়েছে। এর মধ্যে মাত্র ১২ থেকে ১৩টি গার্মেন্টসে সমস্যা দেখা দিয়েছে। আন্দোলনে যারা আসছে তাদের প্রায় ৯০ শতাংশই কোনো গার্মেন্টসের শ্রমিক না। তারা বিভিন্নভাবে এসে নারায়ণগঞ্জের গার্মেন্টসে সমস্যা সৃষ্টির চেষ্টা করেছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে কোথাও কোনো সমস্যা হয়নি, শুধুমাত্র একটি জায়গায় তারা পূর্বপরিকল্পিতভাবে সড়ক অবরোধের জন্য এই অসন্তোষ সৃষ্টি করেছে। তবে নারায়ণগঞ্জবাসী সকলে একত্রে থাকার কারণে তারা কোনো সমস্যা করতে পারেনি।
বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে এমপি দিপু বলেন, “বিরোধী দলে যারা আছেন তাদের বলবো, বাংলাদেশ আমাদের সকলের। আমরা যেন সকলে মিলে একসাথে থাকি। বাংলাদেশের ক্ষতি করা যাবে না। দেশকে আর অন্ধকারে নিয়ে যাইয়েন না। আমাদেরকে সময় দেন।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বিকেএমইএ’র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, চেম্বারের সহ-সভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সোহেল আক্তার, গোলাম সারোয়ার সাঈদ, আহমেদুর রহমান তনু ও মজিবুর রহমান সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।





