বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, “সীমাহীন সময়ের সমর্থন নয়, যতটুকু সময়ের প্রয়োজন ততটুকু সমর্থন দিন, ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন করুন—অন্যথায় জাতির কাছে হাস্যস্পদ হয়ে যাবেন।”
তিনি আরও বলেন, “দেশকে যদি সত্যিই ভালোবাসেন, তাহলে আর একদিনও অনির্বাচিত সরকার ক্ষমতায় রাখার প্রয়োজন নেই। ১৮ কোটি মানুষ আপনার সঙ্গে আছে, কিন্তু সেই সমর্থনের অপব্যবহার করবেন না। ঘোষিত সময়ে নির্বাচন দিন, না হলে জাতি আপনাকে গ্রহণ করবে না।”
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত “জোরপূর্বক গুমের ঘটনাগুলোর দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি দাবিতে” নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই নেতা আরও সতর্ক করে বলেন, “বিএনপিকে হেয় করার জন্য যদি নির্বাচন নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়, সেটি প্রতিরোধের সক্ষমতা বিএনপির আছে। দেশে যখন নির্বাচনের প্রস্তুতি চলছে, তখন সেই ভোট যেন নষ্ট না হয় সেদিকে সবার খেয়াল রাখতে হবে। আসুন, জাতীয় সংসদ নির্বাচন করি, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জন করি—এটাই এখন সময়ের দাবি।”
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি সাবেক কাউন্সিলর আলহাজ্ব বাদল সরদার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী।
এ সময় আরও বক্তব্য রাখেন—
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ,
বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম জামাল,
“মায়ের ডাক”-এর মো. মঞ্জুর হোসেন ঈসা,
তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির,
ওলামা দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হাফেজ জাহাঙ্গীর আলম চৌধুরী,
বিএনপি নেতা মনজুর রহমান ভূইয়া,
চালক দলের সভাপতি শাহজাহান।
সমাবেশে বক্তারা জোরপূর্বক গুমের শিকারদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়ার অগ্রগতির দাবি জানান।





