আবু সাঈদ কাদেরী : নারায়ণগঞ্জ,
নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগের তদন্তে গিয়ে সশস্ত্র দুই পুলিশ হামলার শিকার হয়েছে। পুলিশের একটি শর্টগান ছিনতাইকারীরা লুট করে গেছে। চার ঘন্টা পর তা উদ্ধারের খবরও মিলেছে।এদিকে পৌনে দুই মাসে তিন বার অঘটন ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জেরবন্দর থানার পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বন্দর থানার সহকারী উপপরিদর্শক সোহেল রানা ও কনস্টেবল ফয়সাল হোসেন আহত হয়েছেন। তাদের ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে। বন্দর থানা পুলিশের অপর একটি দল অভিযান চালিয়ে চার ঘন্টা পর সকাল সোয়া ছয়টার দিকে একই এলাকার একটি গাছের নিচ থেকে লুট হওয়া অস্ত্রটি উদ্ধার করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, রাতে তিনজন যুবক ছিনতাইয়ের শিকার হয়েছে বলে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে টহলে থাকা এএসআই সোহেল রানার নেতৃত্বে একটি দল প্রাথমিক তদন্তের জন্য ঘটনাস্থলে যায়। সেখানে ১০ থেকে ১৫ জন ছিনতাইকারী ধারালো অস্ত্রসহ পুলিশের উপর হামলা করে। এতে কনস্টেবল ফয়সাল ও এএসআই সোহেল রানা গুরুতর জখম হন। পুলিশের আরেকটি দল খবর পেয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কনস্টেবল ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।
উল্লেখ্য, গত ৯ মার্চ নারায়ণগঞ্জ সদর মডেল থানার মন্ডলপাড়া এলাকার নগরভবনের সামনে ৯ মার্চ ভোরে পুলিশের পোশাক পরা এক এএসআইয়ের মোটরসাইকেল থামিয়ে ধারালো অস্ত্রের মুখে তার সরকারি পিস্তলটি দুর্বৃত্তরা ছিনতাই করে। অস্ত্রটি উদ্ধার ও জড়িত হিসেবে কয়েকজনকে গ্রেপ্তার করার কথা পুলিশ দাবী করে। এ ঘটনার এক সপ্তাহ না পেরোতেই ১৫ মার্চ সদর থানার উকিলপাড়া রেললাইনে মাদকবিরোধী অভিযানে রেল পুলিশের দুʼজন সদস্য মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়।





